করোনায় আক্রান্ত হয়েও ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন একযাত্রী। তবে বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তারা যাচাই করে দেখেন তার সার্টিফিকেটটি ভুয়া। পরবর্তীতে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত ওই যাত্রীকে জরিমানা করে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করার আদেশ দেন।
সোমবার (২ নভেম্বর) বিকালে কাতারের দোহাগামী যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট পরীক্ষার এক পর্যায়ে মো. নাসির উদ্দিন নামের এক যাত্রীর রিপোর্ট দেখে সন্দেহ হয় স্বাস্থ্য কর্মকর্তাদের। যাত্রী নাসির নেগেটিভ সার্টিফিকেট আনলেও স্বাস্থ্য অধিদফতরের সার্ভারে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। পরবর্তীতে বিষয়টি স্বাস্থ্য অধিদফতরে জানানো হয়। যাত্রীর চট্টগ্রামের সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে পরীক্ষা করায়, সেখানেও যোগাযোগ করা হয়। সিভিল সার্জন কার্যালয়ও জানায় তিনি করোনা আক্রান্ত।
যাত্রী নাসির উদ্দিন ভুয়া সার্টিফিকেট দেওয়ায় তাকে বিমানবন্দরের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়। ভ্রামমান আদালত যাত্রীকে ১১ হাজার টাকা জরিমান করে। পরবর্তীতে যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ‘বিমানবন্দরে সকল যাত্রীর করোনা সার্টিফিকেট পরীক্ষা করা হয়। কিন্তু একজন যাত্রী নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসেন, কিন্তু সার্ভারে তার পজেটিভ রিপোর্ট ছিল। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, যাত্রী নিজেই ভুয়া রিপোর্টটি তৈরি করে নিয়ে এসেছেন।’








