ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন করেছেন আদালত। পাঁচ বছর পর পুনরায় বিচার শুরু হলো। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রায় দেওয়ার পরিবর্তে পুনরায় বিচার শুরুর আদেশ দিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৭ অক্টোবর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু অভিযোগ গঠনের ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে পুনরায় অভিযোগ গঠন করেন আদালত।
এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলো—জিকরুল্লাহ ওরফে হাসান (১৯), আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে এরফান ওরফে মুশফিক (১৯), সাইফুল ইসলাম ওরফে মানসুর (২৩), মাওলানা জুনেদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের (৩০) ও আবদুল্লাহ ওরফে আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই (২৮)।
এদের মধ্যে মাওলানা জুনায়েদ আহমেদ ওরফে জুনায়েদ ওরফে তাহের ও আবদুল্লাহ ওরফে আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই পলাতক রয়েছে। বাকিরা কারাগারে আছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ী এলাকায় নিজ বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়।








