আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নতুন নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন গোলাম মনোয়ার কামাল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির মহাসচিব মো. নূর খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামালের যোগ দেওয়ার মাধ্যমে আসকের সাংগঠনিক দৃঢ়তা বাড়বে। প্রতিষ্ঠানটি আরও বেশি যুগোপযোগী এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে তার অভিজ্ঞতা ভূমিকা রাখবে।
গোলাম মনোয়ার কামাল গত দুই দশকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা এবং আফ্রিকায় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনে কাজ করেছেন। মানবিক
বিষয়গুলোর সমন্বয়ের জন্য জাতিসংঘ কার্যালয়, জাতিসংঘ উন্নয়ন সংস্থা, আবাসন ও টেকসই নগর উন্নয়নের জন্য জাতিসংঘ কর্মসূচি (ইউএন হ্যাবিটেট), আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ এবং বিশ্ব বন্যপ্রাণী তহবিলেও কাজ করেছেন।








