ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। ঢাবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লালবাগ থানায় ওই মামলাটি দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন। যাদের জামিন নামঞ্জুর হয়েছে, তারা হলো- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
এরআগে গত ৩ ডিসেম্বর এই দুই জনসহ তিন জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ৭ ডিসেম্বর তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে গত ৮ ডিসেম্বর নাজমুল হাসান সোহাগ জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাবির ওই ছাত্রী লালবাগ থানায় এই মামলাটি করেন। মামলায় মোট ছয় জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে এজহারে তিন নম্বর আসামি হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রোডে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে। নুর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলো, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।








