রাজধানী বাড্ডা থানায় দায়ের করা অস্ত্র, বিশেষ ক্ষমতা ও মাদক আইনে দায়ের করা পৃথক তিন মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী জামিন শুনানির জন্য ১৩ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই দফায় ২৭ দিনের রিমান্ড শেষে আজ গোল্ডেন মনিরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে। গোল্ডেন মনিরের আইনজীবী তার পক্ষে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোল্ডেন মনিরের গত ২২ নভেম্বর ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
পুলিশ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক রাখায় গ্রেফতার গোল্ডেন মনিরের বিরুদ্ধে দুটি মামলা হয়। তাছাড়া ১০ দেশের মুদ্রা রাখায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা হয়। মোট তিন মামলায় গ্রেফতার গোল্ডেন মনিরকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে ডিবি পুলিশ।








