রাজধানীর জিয়া উদ্যানের সামনের সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইব্রাহিম হোসেন আবির (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তার বাবার নাম মুসলিম ফরাজী। বর্তমানে সে গুলিস্তান এলাকায় থাকতো।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু মাহির হাসান জানান, আবির সিএনজি অটোপার্টসের দোকানে কাজ করে। আজ বন্ধের দিনে কয়েকজন বন্ধু মিলে তারা ঘুরতে বের হয়। সন্ধ্যার আগে জিয়া উদ্যানের পাশের সড়ক পার হওয়ার সময় একটি কালো রঙয়ের মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালেরর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরে-বাংলা নগর থানাকে জানানো হয়েছে।








