রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো, জিয়াউর রহমান মুন্না (২৫) ও হাসান (১৯)।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান।
সহকারী পুলিশ কমিশনার বলেন, কিছু মাদক ব্যবসায়ী ইয়াবাসহ শনির আখড়া এলাকায় অবস্থান করছে বলে নির্ভরযোগ্য তথ্য পায় গোয়েন্দা ওয়ারী বিভাগ। এমন তথ্যের ভিত্তিতে শনির আখড়া ব্রিজের ঢাল সংলগ্ন আবেদীন ভবনের সামনে থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।







