নায়ক সালমান শাহ অপমৃত্যু মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দাখিলের জন্য সময় পেয়েছেন বাদী নীলা চৌধুরী। চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি রবিবারের (১০ জানুয়ারি) পরিবর্তে ২৩ ফেব্রুয়ারি করেছেন আদালত।
রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লাহ সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন। আজ রবিবার মামলাটির পিবিআইর প্রতিবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি ছিল। তবে এদিন মামলার বাদী সালমান শাহ-এর মা নীলা চৌধুরী নারাজি দাখিল করবেন জানিয়ে তার আইনজীবী ফারুক আহমেদ আবেদন করেন।
আবেদনে তিনি বলেন, ‘সালমান শাহ মৃত্যুর ঘটনায় আমাদের কাছে যেসব সাক্ষ্য-প্রমাণ ছিল সেগুলো পিবিআইকে সরবরাহ করেছি। তারপরও তদন্তে সেই সব সাক্ষ্য-প্রমাণের প্রতিফলন ঘটেনি। সালমান শাহর মায়ের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবো।’
তিনি আরও বলেন, ‘মামলার বাদী সালমান শাহর মা যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তিনি দেশে আসতে পারছেন না। তাই নারাজির জন্য আবেদন করছি। সময়ের আবেদন মঞ্জুর করে প্রতিবেদনের ওপর শুনানির জন্য আদালত নতুন তারিখ ঠিক করেছেন।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ।









