কারাগারে জন্ম নেওয়া তিন মাস বয়সী শিশুসহ চাঁদপুরের সেগুফতাকে স্বামীর জিম্মায় যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি চাঁদপুরের কামাল ও সেগুফতা পালিয়ে ভালোবেসে বিয়ে করেন। এরপর ২০২০ সালের ১৭ ডিসেম্বর সেগুফতার মা থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। মেয়ে সেগুফতা আদালতে জবানবন্দি দেন যে, তাকে অপহরণ ও ধর্ষণ করা হয়নি। এরপর আদালত তাকে গাজীপুরের কিশোর উন্নয়নে পাঠানোর নির্দেশ দেন। সে সময় সেগুফতা অন্তঃসত্ত্বা ছিলেন।
মায়ের দাবি মেয়ের বয়স ১৩ বছর। জন্ম সনদে আছে ১৭ বছর। আর ২২ ধারায় জবানবন্দিতে সেগুফতা নিজের বয়স ১৬ দাবি করেন। পরে গাজীপুরের কিশোর উন্নয়নে একটি মেয়ে সন্তানের জন্ম দেয় সেগুফতা। এদিকে ২০২০ সালের অক্টোবরে জামিন পান তার স্বামী কামাল।
এরপর সেগুফতার স্বামী হাইকোর্টে স্ত্রী ও মেয়ের কাস্টডি চেয়ে আবেদন করলে হাইকোর্ট আদেশ দেন। পরবর্তী সময়ে সেগুফতা যেন নির্যাতনের শিকার না হয় সে বিষয়টিও তদারকি করার নির্দেশ দেন আদালত।








