এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার নিকট আত্মীয় শংখ বেপারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এই দিন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন তিন দিনের রিমান্ড শেষে শংখ বেপারীকে আদালতে হাজির করেন। আসামী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৪ জানুয়ারি আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানা যায়, ‘শংখ বেপারী পি কে হালদারের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন দিকে নিয়ে গেছেন। তার দখলে ফ্ল্যাট পাওয়া গেছে। যেটা পি কে হালদারের অর্থে ক্রয় করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। পি কে হালদারের অর্জিত অর্থ এখনও তার কাছে আছে।’
পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে গত বছরের শুরুতেই বিদেশে চলে যান তিনি। গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এই মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।









