জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আবেদনের (রিভিশন) ওপর আগামী ১১ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
গত ১১ জানুয়ারি জাকাতের অর্থ আত্মসাতের মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে আরা এই আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেন আদালত। পরে গত ১ ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাঈদীর পক্ষে এ আবেদন দায়েরের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
মামলার নথি অনুযায়ী, জাকাতের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১০ সালে ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সাত জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী আদালতে অভিযোগপত্র জমা দেন।
দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া মামলার অভিযোগপত্রভুক্ত অপর ছয় আসামি হলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো. লুৎফুল হক, আবুল কালাম আজাদ, মিয়া মোহাম্মদ ইউনুস, তোফাজ্জল হোসেন ও আবদুল হক। তাদের মধ্যে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ মারা গেছেন। পলাতক আছেন আবুল কালাম আজাদ। বাকিরা জামিনে আছেন।
এদিকে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। তার রিভিউ আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ বহাল রাখেন।









