চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন উর রশীদসহ ৮ বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামিরা হলেন—স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আজম, সাবেক এসআরসিডি আমিনুল ইসলাম, প্রগতি স্মরণী শাখার সাবেক ম্যানেজার শোহাইব মাহমুদ তুহিন, সাবেক এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মনসুরুল করিম, সচেতন সাহায্য সংস্থার সাধারণ সম্পাদক নাছরীন আক্তার, সভাপতি হাছনা হেনা ও নির্বাহী পরিচালক জেসমিন রশীদ।
মামলার অভিযোগে পরস্পর যোগসাজশে ক্ষুদ্রঋণের নামে জাল জালিয়াতি করে চার কোটি উত্তোলন করে তা অন্যত্র স্থানান্তর করে মানিলন্ডারিং আইনে অপরাধ করার কথা বলা হয়েছে।









