শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার ৭০০ কার্টন সিগারেট এবং ১৫৪ কেজি কসমেটিকসসহ ৩ জনকে আটক করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ঢাকা কাস্টম হাউস যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা গেছে, বিকাল ৪টার সময় বিমানবন্দরের আমদানি কার্গোর পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়। মোহাম্মদ মঞ্জুর জেনারেল ট্রেডিং লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে এবং নেক্সাস কুরিয়ার যোগে আসা এ সব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে আমদানি কার্গোর কুরিয়ার গেট এলাকায় কাভার্ড ভ্যানে বোঝাই করা অবস্থায় আটক করা হয়। এ সময় মো. সাজু (২৫),সুমন মিয়া (৩০) ও জাবেদ মিয়া (২৩) নামে তিন জনকে হাতেনাতে আটক করা হয়। আটক মালামালের মধ্যে ৩০৩ এসএস ব্রাউন ২ লাখ ৪০ হাজার শলাকা, ইজি স্পেশাল গোল্ড ৯০ হাজার শলাকা এবং মোন্ড সুপার স্লিম ১০ হাজার শলাকা সিগারেট রয়েছে। এছাড়া ডিউ, গোরি, চাঁদনি, নেভিয়া, ফেস মিরাকল এবং গোল্ড সোয়ান ব্রান্ডের ১৫৪ কেজি কসমেটিক্স আটক করা হয়। আটক মালামালের আনুমানিক দাম এক কোটি ২০ লাখ টাকা বলে জানা গেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান,আটক তিন জন, আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









