রাজধানীর লালবাগে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহসভাপতি মাওলানা জসিম উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় এই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লালবাগ পোস্তা জামিয়া কোরানীয়া আরাবিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হেফাজত ইসলামের সদস্য সানাউল্লাহ বলেন, মাওলানা জসিম উদ্দিন ধানমন্ডির বাসায় যাওয়া জন্য মাদ্রাসার সামনে থেকে রিকশা নেন। রিকশাটি কিছুদূর যেতেই দুইজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাকে পেছনের দিক ছুরিকাঘাত করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতের পিঠে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। তার চিকিৎসা চলছে। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।









