পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফল স্থগিত করে এক মাসের মধ্যে ফের ভোট গণনা করতে বলা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। অপরদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি পাবনা পৌরসভার মেয়র পদে ফের ভোট গণনার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচনের ফল এক মাসের মধ্যে স্থগিত করেন আদালত। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনির রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ ওই আদেশ দেন।
প্রসঙ্গত, পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধানকে ১২২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। অথচ বিভিন্ন কেন্দ্রে এক হাজার ২০০টি ভোট বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ভোট গণনা নিয়ে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ তোলা হয়। পরে মেয়র পদের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নৌকা প্রতীকের প্রার্থী আলী মুর্তজা বিশ্বাস সনি। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদের ফলাফল স্থগিত করে পুনরায় গণনার নির্দেশ দেন।
গত ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) শরীফ উদ্দিন প্রধান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।









