ঢাকার কেরানীগঞ্জ এলাকায় নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানাসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার (১৪ ফেব্রুয়া) মধ্যরাতে র্যাব-১০ এর একটি দল কেরানীগঞ্জ মডেল থানার মদিনা নগরের দাওসুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে বিএসটিআইয়ের অনুমোদনহীন নকল ও মানহীন প্রসাধনী উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে ওই এলাকায় নকল প্রসাধনী তৈরির ৪টি কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, একজনকে একবছর ৬ মাস ও ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে আনুমানিক ৫০ লাখ টাকার নকল ও ভেজাল প্রসাধনী, প্রসাধনী তৈরির সরঞ্জামাদি-কাঁচামাল জব্দ করা হয়। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪টি গোডাউন সিলগালা করা হয়।
সারোয়ার আলম বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন নামিদামি ব্রান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন নকল-মানহীন প্রসাধনী উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। গ্রেফতার আসামিদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ‘









