বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধে ও ভিডিও সরিয়ে ফেলার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা অনুসারে নিয়োগ পাওয়া ছয় অ্যামিক্যাস কিউরি (আদালতের বন্ধু) হাইকোর্টের কাছে তাদের মতামত তুলে ধরেছেন। ছয় অ্যামিক্যাস কিউরি হলেন— জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, কামাল উল আলম, আব্দুল মতিন খসরু, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী এবং ড. শাহদীন মালিক। পরে আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার (১৭ ফেব্রুয়ারি) শুনানির দিন নির্ধারণ করেছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী ব্যারিস্টার এনামুল কবীর ইমন। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার রেজা ই রাকিব।
বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়। ব্যারিস্টার এনামুল কবীর ইমন এ রিট দায়ের করেন।
রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বাংলাদেশে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে ও ভিডিও সরাতে হাইকোর্ট কোনও আদেশ দিতে পারে কিনা, সে বিষয়ে মতামত জানাতে ছয় জন অ্যামিক্যাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন হাইকোর্ট। ওই নিয়োগ কার্যক্রমের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী সোমবার তাদের মতামত আদালতের সামনে তুলে ধরলেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে আল জাজিরায় একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করা হয়। ওই প্রতিবেদনে সরকার ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনীও এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে এ প্রতিবেদন করা হয়েছে। যারা আগেও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে, তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে।









