অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জল কুমার নন্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান পাঁচ দিনের রিমান্ড শেষে উজ্জল কুমার নন্দীকে আদালতে হাজির করেন। একইসঙ্গে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২ ফেব্রুয়ারি পিকে হালদারের আরেক সহযোগী রাশেদুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকা সিনিয়র স্পেশাল জজ একেএম ইমরুল কায়েশ তাদের দুই জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ জানুয়ারি বিকালে সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। এছাড়াও সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। এ সময় গোপনে কানাডায় পাড়ি জমান তিনি।









