অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং দুই শ্যালক গোলাম রসূল ও মোস্তফা কামালকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত তাদের জামিনের আদেশ দেন।
এদিন আদালতে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি শেষে ২০ হাজার টাকার মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ কারণে আদালত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১১ এপ্রিল দিন ধার্য করেন।
প্রসঙ্গত, প্রায় ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে বাবুল চিশতীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।








