রাজধানীর চকবাজারের নকল কসমেটিকস কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে রহমতগঞ্জের হাজী বালুর রোডে এই অভিযান চালানো হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এমএস নীদি কসমেটিকস কোম্পানি দেশ-বিদেশের বিখ্যাত কোম্পানির নামে নকল কসমেটিকস এখানে তৈরি করতো। অভিযান চালিয়ে ওই কারখানার প্রধান কারিগর আলিনুর হোসেন (২৫) ও তার সহকারী জাহিদুল ইসলামকে (২২) গ্রেফতার করা হয়। নকল বিভিন্ন ধরনের কসমেটিকস তৈরি করার অপরাধে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
অভিযানে র্যাব ছাড়াও এনএসআই, বিএসটিআই ছিল। অভিযানের পর কারখানাটি সিলগালা করা হয়েছে বলে জানান পলাশ কুমার বসু।









