যৌতুকের জন্য চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমাকে (তমা মির্জা) মারধরের অভিযোগে স্বামী হিশাম চিশতির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান এর আদালত নতুন এ দিন ধার্য করেন।
এর আগে, গত ৫ ডিসেম্বর রাতে রাজধানীর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি দেওয়ার অভিযোগে হিশাম চিশতির বিরুদ্ধে মামলা করেন তমা মির্জা।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতির সঙ্গে বিয়ে হয় চিত্রনায়িকা মির্জা ফারজানা ইয়াসমিন তমার (তমা মির্জা)। বিয়ের পর তমাকে অকারণে মারধর করতেন হিশাম। ব্যবসার জন্য শ্বশুরবাড়ির লোকজন তমার বাবার কাছ থেকে যৌতুক হিসেবে ২০ লাখ টাকা এনে দিতে বলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে তমার বাবা-মা হিশামকে বিভিন্ন সময় ১০ লাখ টাকা দেন। এর কিছুদিন পর হিশাম আবারও তমাকে মারধর করেন। পরে তমা মির্জা বাবার বাড়িতে চলে আসেন।
মামলার অভিযোগে তমা আরও বলেন, ‘২০২০ সালের ৫ ডিসেম্বর রাত তিনটার দিকে হিশাম আমার বাসায় আসে। আমাকে মারধর করলে চিৎকার শুনে পাশের রুম থেকে আমার বাবা-মা এলে হিশাম তাদেরও মারধর করে। ঘরে থাকা ফুলদানি দিয়ে আমার মায়ের পিঠে, মাথায় এবং আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। যার ফলে আমার বাবা-মাসহ আমি আহত হই।’
বর্তমানে তমা মির্জা দেশে থাকলেও হিশাম চিশতি কানাডায় অবস্থান করছেন। জানা যায়, হিশাম চিশতি পেশায় ব্যবসায়ী। ২০১৭ সালে কানাডার পাবলিক চয়েস রিয়েলটি ব্রোকারেজের পক্ষ থেকে টপ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। ২০১৮ সালে তিনি কানাডায় কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, তমা মির্জা শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ‘বলো না তুমি আমার’ ছবির সুবাদে বড় পর্দায় পা রাখেন তিনি। কাজ করেছেন ‘মনে বড় কষ্ট’, ‘ও আমার দেশের মাটি’, ‘অহংকার’, ‘চল পালাই’, ‘গেইম রিটার্নস’, ‘গ্রাস’সহ আরও কয়েকটি ছবিতে। কাজ করছেন একাধিক ছবিতে।
আরও পড়ুন:
গোপনে বিয়ে করলেন তমা মির্জা
আমার মৃত্যুর জন্য হিশাম দায়ী থাকবে: তমা
চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা!









