নারায়ণগঞ্জের তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (আঞ্চলিক বিতরণ বিভাগ-১) কর্মকর্তা আব্দুল মোতালেবকে দুদকের দায়ের মামলায় ৬ বছররের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদলত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। আসামি আব্দুল মোতালেবের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিচারক রায়ে উল্লেখ করেন, দুদক আইনে ২০০৪ এর ২৭ (১) ধারায় আব্দুল মোতালেবকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিকে ২৬ (২) ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অসাধু উপায়ে অর্জিত ২৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত। ভিন্ন ভিন্ন ধারার আসামির সাজা একত্রে চলবে বলে আসামিকে চার বছর কারাভোগ কারতে হবে।
দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৮৪ হাজার ৮৭০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং ৩৯ লাখ ১২ হাজার ৩৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আ.স.ম শাহ আলম। মামলাটি তদন্ত করে একই কর্মকর্তা পরের বছর ৮ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।









