দেশের বিভিন্ন নদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২৮ মার্চ) বিকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ভোরে মাওয়া স্টেশনে কর্তব্যরত কোস্ট গার্ড কবুতরখোলা অঞ্চল সংলগ্ন পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ২ হাজার ৬০০ কেজি (৭০ মণ) জাটকাসহ একটি স্পিড বোট জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দ স্পিড বোটটি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় এবং জাটকাগুলো স্থানীয় গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অপরদিকে কোস্ট গার্ড পাগলার স্টেশন কমান্ডার লে. এম আশমাদুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ বন্দরের ৫ নম্বর মাছ ঘাটে রবিবার আনুমানিক ভোর ৫টায় আরেকটি অভিযানে প্রায় ৬ হাজার ২০০ কেজি (১৫৫ মণ) জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ জাটকাগুলো স্থানীয় ৩০টি এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযান দুটিতে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মুনিফ তকি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।









