সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার রায় ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল)।
আগামীকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২২ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগ বলা হয়, সাংবাদিক প্রবীর সিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।
এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।
এরপর ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।









