ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত রাঙ্গামাটির লংগদু থানা এলাকার সুজন দে’কে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সুজন দে’কে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করে মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।
এর আগে হাইকোর্ট গত ১১ জানুয়ারি সুজন দে’কে জামিন দেন। এরপর কারাগার থেকে মুক্তি পান সুজন দে। এ অবস্থায় তার জামিনাদেশ স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ২০১৭ সালের ৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জানা-অজানা’ নামের একটি আইডি থেকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে লংগদু উপজেলার মাইনীমুখী বাজারের একটি দর্জির দোকানের কর্মচারী সুজন দে’র বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ১০ মে সেখানকার বাজারের মসজিদ থেকে মুসল্লিরা সুজনের শাস্তির দাবিতে মিছিল করেন। এ অবস্থায় ওইদিন বিকালে সুজন দে’কে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় (বর্তমানে বিলুপ্ত) মামলা দায়ের করা হয়। এ মামলায় ওই বছরের ৩০ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ।
মামলার বিচার শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গতবছর ১৫ অক্টোবর সুজন দে’কে ৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন দাখিল করেন সুজন দে। এরপর গত ১১ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে তিনি কারাগার থেকে মুক্তি পান।









