রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (৩০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসিবুর রহমান।
এর আগে ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলখেত এলাকা থেকে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
পরে নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলায় আসলামকে আসামি করা হয়। তবে সেসব মামলায় আগেই জামিন পাওয়ায় তার জামিনে মুক্তিতে বাধা রইলোনা।









