রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫২ বোতল ফেন্সিডিলসহ দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, গ্রেফতারকৃত যুবক একজন মাদক ব্যবসায়ী।
বুধবার (১৬ জুন) রাতে যাত্রাবাড়ী এলাকার গোলাপবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়।
র্যাব-৩ এর সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) বীনা রানী দাস বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে বলেন, গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী। তিনি মাদকদ্রব্য বিশেষ করে ফেন্সিডিল রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। ফেনসিডিল সরবরাহের জন্য তিনি পিকআপ ব্যবহার করে থাকেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি এই পেশায় জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।









