চট্টগ্রাম সংলগ্ন গভীর সমুদ্র থেকে একটি মাছ ধরার ট্রলারে থাকা ৭ লাখ ইয়াবাসহ গ্রেফতার মো. ফারুককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ওই আসামিকে আগামী দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৭ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। অপরদিকে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান।
জানা গেছে, ২০১৬ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম সংলগ্ন গভীর সমুদ্র থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে র্যাব। ওই ট্রলার থেকে সাত লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে গ্রেফতার করা হয় ওই ইয়াবার মালিক মো. ফারুক ও আবুল কালামসহ সাত ব্যক্তিকে। এ ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় মামলা দায়ের হয়।
ওই মামলায় গত ৩১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান আসামি মো. ফারুক। এরপরই কারাগার থেকে মুক্তি মেলে তার। পরে তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।









