রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রবিবার (২৭ জুন) ২০১৩ সালে পল্টন থানায় করা মামলায় তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন খান আসামি মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।








