ঋণ কেলেঙ্কারি মামলায় বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন আসামির বিরুদ্ধে মোট চারটি মামলায় সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তখরুজ্জামান তাদের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন বেসিক ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান, মো. সেলিম এবং উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শিপার আহমেদ। এরমধ্যে ফজলুস সোবহানের বিরুদ্ধে মতিঝিল ও গুলশান থানায়, মো. সেলিমের বিরুদ্ধে মতিঝিল থানায় এবং শিপার আহমেদের বিরুদ্ধে গুলশান থানায় ঋণ কেলেঙ্কারির মামলা দায়ের করা হয়।
এর আগে তাদের কড়া পাহারায় আদালতে হাজির করে পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলেও আসামিদের পক্ষ থেকে আইনজীবী অ্যাডভোকেট রেজাউর রহমান তাদের জামিন আবেদন করেন। কিন্তু আসামিপক্ষের আবেদন খারিজ করে আদালত তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
টিএইচ/এসএম/








