রাজধানীর ভাটারা এলাকায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মূল আসামি গৃহকর্তা মোহাম্মদ আসাদুর রহমান (৩৯) কে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নির্যাতনকারী গৃহকর্তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল হক বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত ভিকটিম কুলসুমা আক্তার। গত বছরের ১২ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের বাসার গৃহকর্মী ভিকটিমকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে অসুস্থ হয়ে পড়লে ৩০ জুন সন্ধ্যায় ভিকটিমকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক। পরবর্তীতে থানায় অভিযোগ করা হলে, এ বিষয়টি আমলে নিয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেফতার করা হয়। ভাটারা থানায় এ ঘটনায় মামলা হয়েছে।









