রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শনিবার (৩ জুলাই) রমনা থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার সিটিটিসি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বুঝে নেন। রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। মামলার বিষয়াদি সিটিটিসির কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের চারদিন পরেও দৃশ্যত তদন্তের কোনও অগ্রগতি ছিল না।
সিটিটিসি বোম নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার এ কে এম রহমত উল্লাহ চৌধুরী শনিবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, রমনা থানায় মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার নিয়েছে সিটিটিসি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকার একটি ভবনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হন শতাধিক মানুষ। এখনও চিকিৎসাধীন রয়েছে পাঁচজন।









