ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন এলাকার দক্ষিণখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আজাদুর রহমান (৫৩), আরমান (৩৮), মনির হোসেন (৪০) ও আল আমিন (২৪)। বুধবার (১৪ জুলাই) রাতে দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতেও ডিবি পরিচয়ে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
দক্ষিণ থানা পুলিশ জানায়, গত ৫ জুলাই রাসেল উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি ভোর ৪টার দিকে দুবাই ফেরত এক আত্মীয়কে বিমানবন্দর থেকে নিয়ে দক্ষিণখানের কাওলার মসজিদ এলাকার বাসায় ফেরেন। তার সঙ্গে থাকা আত্মীয়-স্বজনরা চলে যাওয়ার পরপরই তার বাসার সামনে সাদা রঙের একটি নম্বরবিহীন গাড়ি এসে থামে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাসেল উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর তাকে মারধর করে সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা, একটি আইফোন ও একটি অ্যাপল স্মার্ট ওয়াচ ছিনিয়ে নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বুধবার রাতে দক্ষিণখান এলাকা থেকেই ডিবি পুলিশ পরিচয়ধারী এই চক্রের চার সদস্যকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্য মতে আইফোন, অ্যাপল স্মার্ট ওয়াচ এবং একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে গাড়িতে তুলে স্বর্বস্ব লুট করে নিতো। ছিনতাই বা ডাকাতি করার সময় তারা ডিবি পুলিশ লেখা জ্যাকেট ও ওয়াকিটকি ব্যবহার করতো। এই চক্রের অপর সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।









