পুলিশ বক্সে হামলার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া দুই জঙ্গি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে। আসামিরা হলো-শফিকুর রহমান হৃদয় ওরফে বাইতুল্লাহ মেহসুদ ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মো. খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনান। গতকাল শনিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত তাদের জবানবন্দি গ্রহণ করেন।
রবিবার (৮ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার পাঁচ দিনের রিমান্ড চলাকালীন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাব-ইন্সপেক্টর বনি আমিন আসামিদের আদালতে হাজির করেন। এসময় আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম বিস্ফোরক জাতীয় পদার্থ, তিনটি বিউটেন গ্যাসের ক্যান, একসেট রিমোট কন্ট্রোল ডিভাইস, ৪ প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল, একটি আইইডি তৈরির ম্যানুয়াল ও হামলায় ব্যবহৃত লাল রঙের একটি পালসার মোটরসাইকেলসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ সালে ঢাকা ও ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত নব্য জেএমবির অনেককে এর আগেও গ্রেফতার করে পুলিশ।









