তালেবানের সঙ্গে যুদ্ধে যোগ দিতে বাংলাদেশের অনেকেই হিজরত করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আফগান যুদ্ধে যাওয়ার জন্য তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে তারা হিজরত করেছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ধানমন্ডি ৩২ নম্বরে শনিবার (১৪ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ব এখন সাইবার ওয়ার্ল্ড এর মধ্যে বন্দি। নিজেদের বাড়ি ঘর থেকে শুরু করে অফিস-আদালতে মিটিং করছি বিভিন্ন অ্যাপস ব্যবহার করে। জঙ্গিরাও কিন্তু বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তাদের মানুষের রিক্রুট করছে। সম্প্রতি আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানের পক্ষ থেকে। বাংলাদেশের কিছু মানুষ অলরেডি তালেবানের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার জন্য হিজরত করেছে। আমরা ধারণা করছি, কিছু মানুষ ভারতে ধরা পড়েছে, আর কিছু মানুষ পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। সাইবার ওয়ার্ল্ডয়ে শুধু আমরা না, বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রমের মনিটর করে। যখনই সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়, তখনই আমাদের অবহিত করে।। সরকারের সবাই তৎপর রয়েছে।’









