রাজধানী পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার পৃথক আরও ছয়টি মামলায় জামিন পেয়েছেন হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে জামিনের জন্য আবেদন করেন মঞ্জুরুল ইসলাম আফেন্দীর আইনজীবী আরাফাত মোস্তফা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত বুধবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে পল্টন থানার নাশকতার পৃথক তিনটি মামলায় জামিন পান হেফাজতের এই নেতা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।









