কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত। এর প্রেক্ষিতে তাকে সতর্ক ও ক্ষমা করে দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে এসপি তানভীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুন্সি মনিরুজ্জামান। নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
আদালতে মুন্সি মনিরুজ্জামান বলেন, এসপি তানভীরকে ইতোমধ্যে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাকে বরিশাল মহানগরে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরে আদালত এসপি তানভীরকে সতর্ক ও ক্ষমা করে রায় প্রদান করেন।
গত ২৪ জানুয়ারি ওই ঘটনায় তানভীর আরাফাত হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করে এক আবেদন করেন। সেখানে বলা হয়, তিনি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনও হবে না।
এসপির তার আবেদনে আরও বলেন, বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে। কোনও অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক, বরং বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি। এ ঘটনায় আমি মনের গভীর থেকে অনুতপ্ত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
প্রসঙ্গত, কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের বিষয়ে অভিযোগ তুলে বিচার চেয়ে আবেদন জানান কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান। গত ১৯ জানুয়ারি ওই এসপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরকেও অভিযোগপত্রের একটি অনুলিপি পাঠানো হয়। এ ছাড়াও একই ঘটনায় আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের আইজির দফতরেও আবেদনটির অনুলিপি পাঠানো হয়।
এরপর বিষয়টি হাইকোর্টের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে এসপির ব্যাখ্যা জানতে চেয়ে এসপিকে তলবের আদেশ দেন। সে তলবাদেশে হাজির হওয়ার পূর্বেই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ক্ষমা চেয়ে আবেদন জানিয়েছিলেন ওই এসপি।









