ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার অন্যতম আসামি রবিনকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর সোয়েব বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (২৫ আগস্ট) রাত আড়াইটায় র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় একটি অভিযান চালিয়ে রবিউল ওরফে রবিনকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৬১০ টাকা জব্দ করা হয়।
গত ১৬ জুলাই লেগুনা চালক সাগর (২০) তার বন্ধু শুভ গাজী ওরফে রতনের কাছে ধার দেওয়া টাকা চাইতে যান। এসময় রবিন, শামীম ও রুবেলসহ অন্যান্য বন্ধুদের সঙ্গে তার ঝগড়া হয়। এরই সূত্র ধরে গত ১৭ জুলাই রাত সাড়ে আটটায় সাগরকে চুনকুটিয়া যাওয়ার পথে দক্ষিণ কদমতলী গোলচত্বর পেট্রোল পাম্পের সামনে রবিন ও তার অন্যান্য সহযোগীরা গাড়ি থেকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামি রবিন সাগরের ডান কাঁধে ও কোমরের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বাবা জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
গত ১৮ আগস্ট র্যাব-১০ মামলার প্রথম আসামি রুবেলকে দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করে। এরপর আজ রবিনকে গ্রেফতার করা হলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্রধারী রবিন সাগর হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামি রবিনকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এএসপি সোয়েব।









