২০১৩ সালে রাজধানীর রামপুরায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম হত্যা মামলার আসামি হাজী বাবুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৬ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সিআইডির সাবেক কর্মকর্তা ফজলুল করিম ২০১৩ সালের ২৯ আগস্ট নিজের বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহতের জামাতা ব্যারিস্টার মুকিম উদ্দিন খান মামলা করেন। পরে ঘটনার মূল আসামি রাজিব হোসেন ওরফে ভণ্ড রাজিব পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এছাড়া আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
তদন্ত শেষে ২০১৭ সালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে এ মামলায় হাজী বাবু গত ২২ মার্চ আত্মসমর্পণ করে। এরপর হাইকোর্ট গত ২ মে তাকে জামিন দেন। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন জানায়। তবে রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করায় তার জামিন বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।









