নাটোরে সিরিজ বোমা হামলা মামলায় আদালতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যের বক্তব্য উপস্থাপিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়ের আদালতে ফৌজদারী কার্যবিধি ৩৪২ ধারা অনুযায়ী তাদের বক্তব্য পেশ করতে বলা হয়। আগামী ১০ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপনে আসামিপক্ষে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মন্টু এবং রাষ্ট্রপক্ষে পিপি সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করবেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৫ নভেম্বর মামলার ৬৬ জনের সাক্ষ্য নেয় আদালত। বৃহস্পতিবার আসামিদের পরীক্ষার দিন ধার্য করা হয়। উপস্থিত আসামিদের গাজীপুরের কাশিমপুর, রাজশাহী এবং নাটোর কারাগার থেকে নিয়ে আসা হয়।
কাশিমপুর কারাগার থেকে সাতক্ষীরার ইটা গাছা গ্রামের শফি উল্লাহ ওরফে তারেক, রাজশাহী কারাগার থেকে বাগমারা থানার হামিরকুৎসা গ্রামের আব্দুল মতিন ওরফে ইসমাইল এবং নাটোর কারাগার থেকে নওগাঁর কাজীর মোড় এলাকার হাফিজুর রহমান ওরফে হাফিজ, নাটোরের নলডাঙ্গা থানার খোলাবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে মিঠু, বগুড়ার গাবতলী থানার চকযাদু গ্রামের আব্দুর রশিদ ওরফে আসিফ, রাজশাহীর গোদাগাড়ি থানার গোগ্রামের সিহাব উদ্দিন হানজালা ও রাজশাহীর তানোর থানার চাঁদপুরের শহীদ উল্লাহ ওরফে ফারুক আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করেন।
২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা সারা দেশের মতো নাটোরেও জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ আটটি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এঘটনায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
/এইচকে/








