কুড়িগ্রাম সদরের ধরলা সেতু ও বাঁধ এলাকায় ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ে জড়িত থাকার ঘটনায় নুরুল আমিন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি সোহেল রানা বলেন, কুড়িগ্রাম থেকে একজন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, সেখানে ধরলা সেতু ও বাঁধ এলাকার স্থানীয় কিছু বখাটে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে টাকা লুট করে নেয়। এমন খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ারকে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, ওই এলাকায় বিভিন্ন পয়েন্টে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের হটলাইন নম্বরসহ সতর্কতা বিজ্ঞপ্তির সাইনবোর্ড স্থাপন করতে বলে।
নির্দেশনা পেয়ে সদর থানার ওসি স্থানীয় মাদক ব্যবসায়ী নুরুল আমিনকে গ্রেফতার করে। বাঁধে বেড়াতে আসা দর্শনার্থীদেরকে হয়রানি করাসহ নানা অপরাধমূলক কাজে সে জড়িত ছিল বলে জানা গেছে।









