সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৫৩ ও ৫৪ ধারা অনুযায়ী সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি বা তার পরিবারের উত্তরসূরীদের ক্ষতিপূরণ দিতে অবিলম্বে একটি আর্থিক সহায়তা তহবিল এবং বোর্ড অব ট্রাস্ট গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষ আহত হন, আবার অনেকে মারা যান। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত-নিহত ব্যক্তি বা পরিবারের উত্তরসূরীদের ক্ষতিপূরণের ব্যবস্থা রাখতে একটি তহবিল ও ট্রাস্ট গঠন করার কথা। কিন্তু গত তিন বছরেও এই ট্রাস্ট বা তহবিল গঠন করা হয়নি। এ বিষয়ে সরকার কোনও উদ্যোগ নেয়নি। যে কারণে গত ১৭ আগস্ট বিবাদীদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু জবাব না পাওয়ায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।









