রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে করা মামলায় মডেলদের নিয়ে পার্টি ও বিদেশে প্লেজার ট্যুরের আয়োজক ও মডেল পিয়াসার সহযোগী শরফুল হাসান ওরফে মিশু হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
গত সোমবার(১৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ মিশু হাসানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর এদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত চার্জশিটটি দেখেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
এর আগে গত ৩ আগস্ট রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ শরফুল হাসান ওরফে মিশু হাসান ও তার সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি অস্ত্র, ৬ রাউন্ড গোলাবারুদ, ১৩,৩০০ পিস ইয়াবা, ১টি ফেরারি গাড়ি, সিসার সরঞ্জামাদি, ২টি ল্যাপটপ, মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড, পাসপোর্ট এবং ভারতীয় ৪৯ হাজার ৫০০ জালমুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় মিশুকে একমাত্র আসামি করে অস্ত্র মামলা দায়ের করা হয়।








