জাতীয় শোক দিবসে সরকারি ছুটির দিনে একটি প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি করে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে ভুল স্বীকার করে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ ও রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান। লিখিত দাখিল করা ব্যাখ্যায় তারা বলেছেন, এ বিষয়ে আমরা সতর্ক থাকবো; ভবিষ্যতে আর এ ধরণের ভুল হবে না।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তারা এ ব্যাখ্যা দাখিল করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
এর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল শালিখা দাখিল মাদ্রাসার সভাপতি মনোনয়নসহ চার সদস্যের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১৫ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পক্ষে রেজিস্ট্রারের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ওই ঘটনায় গোহাইল শালিখা দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক ওমর ফারুক প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।
সেই রিটের শুনানি করে প্রজ্ঞাপন জারির বিষয়ে ব্যাখ্যা দিতে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও রেজিস্ট্রারকে তলব করেন হাইকোর্ট। যার ধারাবাহিকতায় তারা আদালতে ব্যাখ্যা দাখিল করেন।









