রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে রাজারবাগ দরবার শরিফের পীর দিল্লুর সিন্ডিকেটের হয়রানিমূলক ৪৯ মামলার ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে আপিল বিভাগের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে একটি আবেদন দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভুক্তভোগী একরামুল আহসান কাঞ্চনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন এ রিভিউ আবেদন দায়ের করেন। পরে কাঞ্চনের অন্যতম আইনজীবী এমদাদুল হক বশির জানান, আবেদনটির ওপর আগামী সপ্তাহে শুনানি হতে পারে।
এর আগে দেশের বিভিন্ন জেলায় ৪৯টি মামলা হওয়ার প্রেক্ষাপটে কাঞ্চন ন্যায়বিচার পেতে এবং এ ঘটনার পিছনে কারা তা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) একরামুলের বিরুদ্ধে হওয়া ৪৯ মামলার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে রুলসহ আদেশ দেন। এরপর মামলাকারীদের কয়েকজন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।
আপিল বিভাগের আদেশটি পুনর্বিবেচনা চেয়ে একই আদালতে রিভিউ আবেদন জানানো হলো।









