নারায়ণগঞ্জের চাষাড়ায় ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহমেদ জোবায়ের (১৮) নামে আরেক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সাতটার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, জোবায়ের চাষাড়া মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে সামনের ফুটপাতে জুতার দোকান করতো। বিকালের দিকে দোকান বসার জায়গা নিয়ে পাশের দোকানি স্বপনের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্বপনসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে।








