বালু কিনে বিল পরিশোধ না করার অভিযোগে দায়ের হওয়া মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে তা খারিজে করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সাহেদের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সগীর হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।
উত্তরা পশ্চিম থানায় এক ব্যবসায়ী থেকে মো. সাহেদ ওরফে সাহেদ করিম নিজের প্রতিষ্ঠানের জন্য বালু ক্রয় করেন। কিন্তু সে টাকা পরিশোধ না তিনি ওই ব্যবসায়ীকে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে টাকা দেওয়ার কথা বলে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে সাহেদেরর বিরুদ্ধে। ওই ঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়।
এরপর একই বছরের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।








