বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় দলটির ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য জানা গেছে।
গতকাল এই মামলায় গ্রেফতার ৫০ আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে ১৫ জন আসামির সাতদিন করে রিমান্ডের আবেদন এবং বাকি ৩৫ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়।
বুধবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় রিমান্ড শুনানি মুলতবি রাখার আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও বর্তমান সাধারণ সম্পাদক খন্দকার হজরত আলী। তাই রিমান্ড শুনানির জন্য ২৮ অক্টোবর দিনটি ধার্য করে ৫০ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাদের মধ্যে ১৫ আসামির রিমান্ড শুনানি অনুষ্ঠিত হলো আজ।
রিমান্ডে যাওয়া ১৫ আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, জিহাদুল হক রঞ্জু ও ঝলক মিয়া, সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাবি শাখার সাবেক সহ-সম্পাদক আল ইমরান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শাহাদাত হোসেন, বিএনপিকর্মী সজীব, ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান হাবিব, যুবদলের শেরেবাংলা নগর থানার সভাপতি আতিকুর রহমান অপু, যুবদলকর্মী হাসান আলী, ছাত্রদলকর্মী মুতাছিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী সুলতান জুয়েল, সাবেক ছাত্রদল নেতা রেজাউল ইসলাম প্রিন্স, বিএনপিকর্মী শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার আশিক।
গত ২৬ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি সৃষ্টির আহ্বানে সমাবেশ করে। কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এর পরিপ্রেক্ষিতে সমাবেশ থেকে ৫০ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।









