রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে `বুকস অ্যান্ড কম্পিউটার মার্কেট‘ ভবনের ৬ষ্ঠ থেকে ১২তম তলার ব্যবহার ও নির্মাণকাজ বন্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ভবনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে রাজউকে দেওয়া আবেদন ৩ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ নভেম্বর) বিচারপতি মামুনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর এ সংক্রান্ত পূর্ণাঙ্গ লিখিত আদেশ প্রকাশিত হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও এনায়েত করিম।
এর আগে এমদাদুল হক ও কামাল হোসেনের পক্ষে অ্যাডভোকেট এনায়েত করিম হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে বলা হয়, রাজধানী ঢাকার সূত্রাপুর হোল্ডিং নং ৩৮/৩ পিকে রায় রোড বাংলাবাজার রাজউক অনুমোদিত বাণিজ্যিক ৯ম তলার নকশা পরিবর্তন করে উইন ডেভেলপমেন্ট লিমিটেড ভুয়া বাণিজ্যিক কাম আবাসিক নকশা তৈরি করে ষষ্ঠ তলা থেকে ১২ ভবন নির্মাণ করে। এরই মধ্যে রাজউক ২০১৬ সালের ১০ জানুয়ারি ভবনটির নিরাপত্তার স্বার্থে সকল প্রকার নির্মাণকাজ বন্ধ এবং ভবনটির ব্যবহার বন্ধের জন্য নির্দেশ দেন।
রাজউকের ওই নির্দেশনার পর ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিবুল হাসানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এই ভবনের ১২তলা পর্যন্ত অনুমোদন রয়েছে। কিছুদিন পর সত্যতা হিসেবে তারা ১২ তলা ভবনের অনুমোদনের নকশা প্রদান করেন। পরে খোঁজ নিয়ে জানা গেছে ভবনটি মূলত ৯ তলার অনুমোদন আছে। ১২ তলার অনুমোদনের নকশাটি ভুয়া।









