পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্বাক্ষর জাল করে কনস্টেবল পদে এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
রবিবার (১৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, "আইজিপির স্বাক্ষর জাল করে প্রতারক বিষ্ণু বর্মন এবং স্বপন সিং গত ২১ অক্টোবর কনস্টেবল পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর পরিচয় উল্লেখ করে বাগেরহাটের জেলা পুলিশ সুপারের কাছে লিখিত সুপারিশ করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গতকাল দুই প্রতারককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষ্ণু বর্মনের বাড়ি ঝালকাঠি জেলায়, তার পিতার নাম নিরঞ্জন বর্মন। স্বপন সিংহের বাড়ি পটুয়াখালী, তার পিতা মৃত বীরেন্দ্র নাথ সিংহ।
এর আগে ১২ নভেম্বর টাঙ্গাইল থেকে রুমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। রুমা আক্তার আইজিপির স্ত্রী সেজে কনস্টেবল নিয়োগে সুপারিশ করেছিল।









